হাফ প্যান্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪
অ- অ+

মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের প্রতিবাদে হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শিরোনামে ফেসবুকে এ কর্মসূচির ইভেন্ট খুলেছেন শাওন আহমেদ নামে এক ব্যবহারকারী।

ফেসবুক ইভেন্টের তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এ কর্মসূচি পালনের কথা রয়েছে। এতে রানার, অ্যাথলেট, সাইক্লিস্ট, জিমে যাতায়াতকারীসহ সাধারণ নাগরিকদের স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত ইভেন্টটিতে প্রায় ১ হাজার ৬০০ জন সাড়া দিয়েছেন। এর মধ্যে প্রায় ১ হাজার ৪০০ জন কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ইভেন্টের বর্ণনায় বলা হয়েছে, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রানিং কোচ সাজ্জাদ হোসেন প্রশিক্ষণ শেষে টি-শার্ট ও শর্টস পরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনে যান। সেখানে তার পোশাককে ‘অশালীন’ বিবেচনা করে এক পুলিশ সদস্য তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রায় ৪০ মিনিট অপেক্ষায় রাখেন বলে অভিযোগ করেন সাজ্জাদ।

ঘটনার প্রতিবাদে আয়োজকেরা এটিকে শান্তিপূর্ণ নাগরিক কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন। তাদের ভাষ্য, কর্মসূচির উদ্দেশ্য কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়; বরং হয়রানির প্রতিবাদ, পোশাকসংক্রান্ত স্পষ্ট নিয়মের দাবি এবং যাত্রীদের প্রতি সম্মানজনক আচরণের পক্ষে অবস্থান জানানো।

ইভেন্টের বর্ণনায় আরও বলা হয়েছে, কোনো পোশাক নিষিদ্ধ হলে তার স্পষ্ট ও লিখিত নিয়ম থাকা উচিত। কর্মসূচির স্লোগান রাখা হয়েছে—‘সমস্যা শর্টসে নয়, সমস্যা হয়রানিতে!’

এদিকে মেট্রোরেলে চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ড্রেস কোড নেই বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

রোববারের ঘটনার পর সাজ্জাদ হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে মেট্রোরেল স্টেশনে এক পুলিশ সদস্যের সঙ্গে পোশাক নিয়ে কথা বলতে দেখা যায়। সাজ্জাদ জানতে চান, কোন পোশাক শালীন বা অশালীন—এ বিষয়ে লিখিত কোনো নিয়ম আছে কি না। জবাবে ওই পুলিশ সদস্য বিষয়টি দেখার দায়িত্ব তার বলে জানান।

সাজ্জাদ হোসেন প্রায় ১০ বছর ধরে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষণ দেন। পাশাপাশি তিনি নিয়মিত দৌড়ান এবং ঢাকার বিভিন্ন পার্কে দৌড়ের প্রশিক্ষণও দিয়ে থাকেন।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
রাশিয়ায় সামরিক বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
ফ্রান্সে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪৪০
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস