সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম হাবিবুল্লাহ শেখ নাসিম (২৩)। তাঁর বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্ব) সকাল সাড়ে ৬টার দিকে এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) কাঁচপুরের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাবিবুল্লাহ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেন ও নাজমা বেগমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি।
সোনারগাঁও থানার তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন বলেন, এশিয়ান হাইওয়ের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাঁর বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
পুলিশ আরও জানায়, মরদেহের পকেট থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে নিহতের ছোট বোন মিলি আক্তার মরদেহটি শনাক্ত করেন।
নিহতের ভাগিনা সিফাত বলেন, হাবিবুল্লাহ দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে বাসার কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












