হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকে জেলার সব সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুরে আটকে গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। বর্তমানে তাদের তিনটি গাড়ি নিজেদের কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আবু মঈন চৌধুরী সোহেল বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এ কারণে ১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলাচল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি পূরণ ও বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মৌলভীবাজারের এসএমএস পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে বাস চলাচলে বাধা, শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য ও প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।
তবে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছালে সেগুলো আটক করা হয়। এর প্রতিবাদেই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার এ বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপিও দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












