পাইকপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন শিশু।
শুক্রবার সকাল ছয়টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে সরকারি আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন– প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে বলে জানা গেছে।
ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহাবুদ্দিন আহমেদ জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মিরপুর মডেল থানার ডিউটি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে সরাসরি আমাদের এখনো জানানো হয়নি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












