চায়ের দোকানে উত্তপ্ত পরিস্থিতি থামাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

সাতক্ষীরা শহরে একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, ঘটনার সময় জাকারিয়া প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দোকানদারের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে জাকারিয়া বিষয়টি থামাতে এগিয়ে যান।
এ সময় ওই ব্যক্তি জাকারিয়াকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












