ভোরের কুয়াশায় উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা

প্রকৃতিতে রোদ, মেঘ আর বৃষ্টির লুকোচুরির মধ্যেই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভোরে দেখা দিয়েছে ঘন কুয়াশা। কুয়াশাচ্ছন্ন ভোরের নরম চাদর আর হালকা হিমেল হাওয়া যেন আগেভাগেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারীসহ বিভিন্ন এলাকায় ভোরে দেখা দিচ্ছে কুয়াশা। কোথাও কোথাও কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাঠ-ঘাট ও সড়ক। সঙ্গে থাকছে হালকা হিমেল বাতাস ও শিশির।
ভোরের কুয়াশা আর শিশিরভেজা ঘাসের ডগায় জমে থাকা পানির বিন্দু যেন জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। গাছের পাতা, ধানের শিষ ও সবুজ ফসলের মাঠে শিশিরবিন্দু ঝিলমিল করছে।
বিশেষ করে পঞ্চগড় ও লালমনিরহাটে গত এক সপ্তাহ ধরে ভোরের দিকে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে ভোরে সড়কে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটছে। কুয়াশা ঘন হলে কয়েক হাত দূরের বস্তু স্পষ্ট দেখা যায় না। ফলে অনেক চালক হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছেন।
কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়
পঞ্চগড়ের গ্রাম থেকে শহরের বিভিন্ন সড়ক ভোরে কুয়াশায় ঢেকে থাকছে। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাচ্ছে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।
তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছে। এরপর স্বাভাবিক হয়ে আসছে সড়ক ও জনজীবন। দিনের বেলায় আবার বাড়ছে রোদের তেজ ও তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘ সময় আকাশে মেঘ থাকার পর হঠাৎ মেঘ সরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় ভোরের দিকে কুয়াশা তৈরি হচ্ছে।
আগামী দুই সপ্তাহে শীতের অনুভূতি বাড়তে পারে
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান বলেন, ভোরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী ১৫ দিনের মধ্যে উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা শীতের অনুভূতি হতে পারে।
তার মতে, ঋতু পরিবর্তনের এই সময়ে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এবং আবহাওয়ার পরিবর্তনশীলতার কারণে ভোরে কুয়াশা দেখা দিতে পারে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ভোরের কুয়াশায় বিস্মিত স্থানীয়রা
সেপ্টেম্বর-অক্টোবরের এই সময়ে এমন কুয়াশা দেখে উত্তরাঞ্চলের অনেক বাসিন্দাও বিস্মিত। পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না।
তিনি বলেন, সেপ্টেম্বর মাসে এর আগে এমন ঘন কুয়াশা দেখেননি।
রংপুরের গঙ্গাচড়ার চর ইসলির কৃষক আমজাদ হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে ভোরে ঘন কুয়াশা থাকায় জমিতে কাজ করতে যেতে কিছুটা ভয় লাগছে। কুয়াশার কারণে মাঠে দৃশ্যমানতা কমে যায় বলেও জানান তিনি।
লালমনিরহাটের চর রাজপুরের গৃহবধূ রাবেয়া খাতুন বলেন, একদিকে দিনের বেলা প্রচণ্ড গরম, অন্যদিকে ভোরে ঘন কুয়াশা। আবহাওয়ার এমন পরিবর্তনে পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতার প্রবণতাও দেখা যাচ্ছে।
ডিমলায় ভোরে কুয়াশা, রাতে বাড়ছে শীতলতা
নীলফামারীর ডিমলা উপজেলাতেও গত কয়েক দিনে আবহাওয়ার ধরনে পরিবর্তন দেখা দিয়েছে। ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা ও শিশির পড়ছে। সন্ধ্যার পর বাতাসে অনুভূত হচ্ছে শীতলতা।
দিনের বেলায় শরতের রোদ ও উষ্ণতা থাকলেও ভোর ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে খোলা মাঠ, চরাঞ্চল ও গ্রামীণ এলাকায় শীতলতার অনুভূতি তুলনামূলক বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।
ডিমলার মাঠ-ঘাট, ফসলের জমি, গ্রামীণ সড়ক ও খোলা প্রান্তরে ভোরে হালকা কুয়াশার আবরণ দেখা যাচ্ছে। কুয়াশার কারণে দূরের গাছপালা ও সড়ক কিছুটা ঝাপসা হয়ে আসে। সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে স্বাভাবিক হয়ে ওঠে চারপাশ।
ফসলের মাঠ ও ঘাসের ওপর জমে থাকা শিশিরবিন্দুতে ভোরের প্রকৃতি পাচ্ছে ভিন্ন রূপ। দিনের উষ্ণতা আর ভোর ও রাতের শীতলতার এই পার্থক্যকেই ঋতু পরিবর্তনের আগাম সংকেত হিসেবে দেখছেন স্থানীয়রা।
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় একই চিত্র
শুধু পঞ্চগড়, লালমনিরহাট ও নীলফামারী নয়, উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও ভোরের দিকে কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে।
কোথাও হালকা, কোথাও তুলনামূলক ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে মাঠ ও জনপদ। খোলা প্রান্তর ও চরাঞ্চলে কুয়াশার ঘনত্ব বেশি থাকছে। তবে সূর্য ওঠার পর দ্রুতই তা কেটে যাচ্ছে এবং দিনের বেলায় আবার গরম অনুভূত হচ্ছে।
ফলে একই দিনে উত্তরাঞ্চলের মানুষকে একদিকে ভোরের শীতলতা, অন্যদিকে দিনের গরম—দুই ধরনের আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে।
স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
আবহাওয়ার এই পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি নিয়েও সতর্ক করছেন চিকিৎসকরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে হঠাৎ তাপমাত্রার পরিবর্তনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ তানভীর আহমেদ বলেন, বিরূপ আবহাওয়ার কারণে হাসপাতালে প্রতিদিনই শিশু রোগীর সংখ্যা বাড়ছে। অনেক শিশু জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।
এমন পরিস্থিতিতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, উত্তরাঞ্চলে এখনো শীত জেঁকে বসার মতো পরিস্থিতি তৈরি হয়নি। দিনের তাপমাত্রা এখনো তুলনামূলক বেশি। তবে ভোরের কুয়াশা, শিশির ও রাতের শীতল বাতাস ঋতু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
সব মিলিয়ে উত্তরাঞ্চলের জনপদে এখন এক অদ্ভুত আবহ—দিনে শরতের তীব্র রোদ, আর ভোরে কুয়াশার নরম চাদর। ধানের খেতে শিশির, ঘাসে পানির বিন্দু আর হিমেল বাতাসে প্রকৃতিতে তৈরি হয়েছে আগাম শীতের আমেজ।
শীত আসতে এখনো কিছুটা সময় বাকি। তবে ভোরের কুয়াশা যেন সেই আগমনের খবরই দিচ্ছে—নীরবে, ধীরে, প্রকৃতির নিজস্ব ছন্দে।
(ঢাকাটাইমস/৫ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













