উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

অবৈধ দখল উচ্ছেদের পরও যদি হকাররা ফুটপাতে দোকান নিয়ে বসে, তাহলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্তকরণ পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি হকার সংগঠনের নেতাদের সাথে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, মূল রাস্তা বন্ধ করে হকার বসতে দেওয়া হবে না।
তিনি বলেন, সরকার হকারদের উচ্ছেদ করতে চায় না। বরং, নির্দিষ্ট জায়গায় বসলে, তাদের উচ্ছেদ করা হবে না।
এসময় শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট বসতে পারবে বলেও জানান আবদুস সালাম। বলেন, সিটি করপোরেশন চায় হকাররা নির্দিষ্ট জায়গায় বসুক।
ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে মো. আবদুস সালাম বলেন, উচ্ছেদের পর পুনরায় সড়ক দখলের চেষ্টা করা হলে মালামাল ক্রোক করা হবে। একই সঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে।
তিনি বলেন, সুন্দর ও আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনাও আছে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













