ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ২২:৪২
অ- অ+

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের ধানের শীষ প্রতীকে নির্বাচনের পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ওবায়দুল্লাহ মাসুদ নিজেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরই মধ্যে গতকাল রবিবার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন।

ওবায়দুল্লাহ মাসুদ বলেন, বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতি আমরা সব সময় ঐক্যবদ্ধ। দলের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি, ভবিষ্যতেও নেব না। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে কাজ করব।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থী ওবায়দুল্লাহ মাসুদ রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। বিষয়টি ঘোষণা করা হবে আগামী ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতা ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমিনসহ ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।

মনোনয়ন জমা দেওয়ার পর ওবায়দুল্লাহ মাসুদ জানিয়েছিলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে দুজনকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই তারা মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রার্থীর নাম পাঠানোর পর একজন ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এবং অন্যজন দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করবেন বলেও জানিয়েছিলেন তিনি।

মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের পর এখন বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের নাম পাঠানোর বিষয়টি প্রায় নিশ্চিত। তবে নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীর নাম জমা দেওয়া এবং ধানের শীষ প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির দুই প্রার্থীর বাইরে আরও চারজনের মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপসায় ছেলে হত্যার ১ মাস ২০ দিন পর বাবাকে গুলি করে হত্যা
খুলনায় দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
আগারগাঁওয়ে গার্মেন্টস-ফুটপাত-অ্যাম্বুলেন্সে চাঁদাবাজি, বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার
নিয়োগপত্র পেলেন বসতভিটা না থাকা সেই মিশন