চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন, চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮
অ- অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস। ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ট্রেনের ‘ন’ ও ‘ত’ নম্বর বগি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিষয়টি চালকের নজরে এলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে এ পথে চলাচলকারী অন্যান্য ট্রেনও কিছু সময়ের জন্য আটকা পড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ‘ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ-মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ বগির সংযোগ হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সংযোগ হুক মেরামতের জন্য রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি পুনরায় নির্ধারিত গন্তব্য দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে।’

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামতের কাজ শেষ করে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
দুর্গাপূজার ছুটি উপলক্ষে সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, মামলা ৫৮
বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’