হাতকড়া খুলে আদালত থেকে ফের পালালেন সেই শরিফুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:২১
অ- অ+

রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত মো. শরিফুল ইসলাম ফের আদালত থেকে পালিয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আদালত থেকে পালালেন তিনি।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত থেকে শরিফুল পালিয়ে যান। তিনি ওই মামলার হাজতি আসামি ছিলেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোতোয়ালি থানার মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় শরিফুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। পরে কৌশলে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে খিলগাঁও থানার কিশোর জিসান হোসেন হত্যা মামলায় শরিফুলকে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে তিনি পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যান।

ওই ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন।

ওই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার শরিফুলকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে সাক্ষী উপস্থিত না থাকায় এদিন সাক্ষ্য গ্রহণ হয়নি।

পরে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম শরিফুলকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় কৌশলে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান।

শরিফুল ইসলামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামে। তার বাবার নাম শফিক আহম্মেদ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে উত্তাল, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের’ আলোকে আনসারের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু
ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় পাচার ও নির্যাতন, গ্রেপ্তার ২