প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের সুপারিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির

ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভুঁইয়া সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য মোরশেদ মিলটন, অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, মো. ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) ও মো. আতাউর রহমান অংশ নেন। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের পরিচিতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে স্মরণ করে আহতদের প্রতি সমবেদনা জানান।
বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বাড়াতে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে দেশের সব উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে না পারে, সে জন্য যথাযথ নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং পর্যায়ক্রমে সারা দেশে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
এ ছাড়া নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধান, মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













