উখিয়ায় মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের আহ্বান ইউএনওর

উখিয়ায় মাদকাসক্তদের চিকিৎসা, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং পুনর্বাসনের লক্ষ্যে একটি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়ার কোর্টবাজারের মনিমার্কেট এলাকার এক মাদকাসক্ত যুবককে নিয়ে তার অভিভাবকেরা ইউএনওর কার্যালয়ে আসেন।
সন্তানের মাদকাসক্তিতে অতিষ্ঠ পরিবারটি তাকে কারাগারে পাঠানোর আবেদন জানালে ইউএনও বলেন, মাদক আইনে শাস্তি দিতে হলে আইনানুগ প্রক্রিয়ায় মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করতে হবে।
তবে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে শাস্তির পরিবর্তে ওই যুবককে মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেন ইউএনও। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিকে শুধুমাত্র অপরাধী হিসেবে না দেখে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কক্সবাজারের একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার অতিরিক্ত খরচ নিয়ে পরিবারটির অভিযোগের পর ইউএনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে খরচ কমানোর জন্য আবেদন করার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও সুপারিশের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত এনজিও কর্মকর্তাদের উদ্দেশে ইউএনও পান্না আকতার উখিয়ায় একটি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
ইউএনওর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উখিয়া উপজেলা শাখার সভাপতি মোসলেহ উদ্দিনসহ অন্যান্য সদস্যরা। তারা বলেন, মাদকাসক্ত সন্তানকে শুধু শাস্তি বা কারাগারে পাঠানোই সমস্যার সমাধান নয়; চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের মাধ্যমে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনাই হতে পারে অধিক কার্যকর ও মানবিক পথ।
সাজা নয়, নিরাময় ও পুনর্বাসনই হোক অগ্রাধিকার
মাদকাসক্ত একজন তরুণ শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের কারণ। তাই তাকে আরও অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে চিকিৎসার সুযোগ করে দেওয়া প্রয়োজন। একটি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হলে উখিয়ার অসংখ্য পরিবার তাদের মাদকাসক্ত সন্তানকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে নতুন জীবনের পথে ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে।
সাজা নয়-নিরাময়, কাউন্সেলিং ও পুনর্বাসনের মাধ্যমে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই হোক সমাজের সম্মিলিত অঙ্গীকার।
(ঢাকা টাইমস/৭অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











