নজরুল ইসলাম মজুমদারের গুলশানের ভবন ক্রোক

খেলাপি ঋণের ১০৪ কোটি ৪২ লাখ টাকা আদায়ে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন রাজধানীর গুলশানের একটি ভবন ক্রোক করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
ঢাকার অর্থঋণ আদালতের আদেশের পর ব্যাংক এ ব্যবস্থা নেয়। ভবনটিতে বর্তমানে বেসরকারি খাতের সিটি ব্যাংকের প্রধান কার্যালয় রয়েছে।
ইউসিবি সূত্রে জানা গেছে, ব্যাংকের মহাখালী শাখা থেকে নাসা তাইপেই টেক্সটাইল মিলস লিমিটেডের নামে ঋণ নিয়েছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম মজুমদার। সুদসহ ওই ঋণের স্থিতি এখন ১০৪ কোটি ৪২ লাখ টাকা। ঋণটি দীর্ঘদিন ধরে খেলাপি রয়েছে।
খেলাপি ঋণ আদায়ে গত বছরের জুলাইয়ে বন্ধক রাখা সম্পত্তি বিক্রির জন্য নিলাম ডাকে ইউসিবি। তবে সম্পত্তি কেনার জন্য ক্রেতা না পাওয়ায় পরে অর্থঋণ আদালতে মামলা করে ব্যাংক। ইউসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আদালত সম্পত্তিটি ক্রোকের আদেশ দেন। একই সঙ্গে সম্পত্তির দৃশ্যমান স্থানে নোটিশ টানানোর নির্দেশ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার গুলশানের ওই ভবনে ‘সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি’ শিরোনামে একটি সাইনবোর্ড টানিয়ে দেয় ইউসিবি। এতে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী সম্পত্তিটি বর্তমানে ব্যাংকের দাবি ও স্বার্থের অধীন।
নোটিশে আরও বলা হয়েছে, সম্পত্তির ওপর ব্যাংকের বৈধ স্বার্থ ও দায়বদ্ধতা থাকায় এর ক্রয়-বিক্রয়, হস্তান্তর, দলিল রেজিস্ট্রেশন, দখল হস্তান্তর বা অন্য কোনো ধরনের লেনদেন করা যাবে না। এসব কার্যক্রম আদালত অবমাননার শামিল হবে। সম্পত্তি নিয়ে কোনো কার্যক্রমের আগে ইউসিবির লিখিত সম্মতি নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার কারাগারে আছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
কর ফাঁকি, অর্থপাচার ও প্রভাব খাটিয়ে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগসহ শেখ হাসিনা পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও ১০টি ব্যবসায়ী গ্রুপের বিষয়ে সরকার যৌথ তদন্ত করছে। এই তালিকায় নাসা গ্রুপও রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কমিটি নাসা গ্রুপ ও এর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে-বেনামে অন্তত ২২টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার ৩০০ কোটি টাকার ঋণের তথ্য পেয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













