আলফাডাঙ্গায় শাহানারা একাডেমির তালা ভেঙে মোটর ও সোলার ব্যাটারি চুরি, থানায় অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বেগম শাহানারা একাডেমিতে তিনটি কক্ষের তালা ও দরজার ছিটকিনি ভেঙে পানির মোটর ও সোলার ব্যাটারি চুরি হয়েছে। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য মো. আবিদুর রহমান।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার (৭ অক্টোবর) রাতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনাটি ঘটে। আজ লিখিত অভিযোগ পেয়ে চুরির ঘটনায় জড়িতদের ধরতে কাজ শুরু করেছে আলফাডাঙ্গা থানার পুলিশ।
ওসি মো. সোহেল সারোয়ার ঢাকা টাইমসকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে চুরির ঘটনা নিয়ে একজন উপপরিদর্শক (এসআই) কাজ করছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুতই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য আবিদুর রহমান জানান, বেগম শাহানারা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে বিনা বেতনে শিশুদের পাঠদান করে আসছে। এর আগেও প্রতিষ্ঠানটি থেকে টিউবওয়েল, ফ্যান, মোটর ও সোলার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। এর পরও চুরি বন্ধ হয়নি।
সর্বশেষ ঘটনায় প্রতিষ্ঠানের তিনটি কক্ষের তালা ও দরজার ছিটকিনি ভেঙে চোরেরা একটি পানির মোটর ও একটি সোলার ব্যাটারি নিয়ে যায় বলে জানান অভিভাবক সদস্য আবিদুর রহমান।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাতে প্রায়ই কিছু কিশোরকে বিদ্যালয় এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। রাত ১০টা থেকে ১১টার পর বিদ্যালয়ের ভেতরে ঢুকে মাদক সেবনের ঘটনাও ঘটে বলেও জানান তারা।
এসব ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













