দেড় বছরের মধ্যে দেশ জুড়ে বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ, জানালেন পরিবেশ মন্ত্রী

দেশের পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্যজনিত পরিবেশদূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে আশা করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সরকারের এ পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী বলেন, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা বর্তমানে দেশের পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য প্রক্রিয়াজাতকরণের জন্য সাভারের আমিনবাজারে একটি প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও একই ধরনের ব্যবস্থা চালু করা হবে।
সাফারি পার্কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিদর্শনে পাওয়া সমস্যা ও অব্যবস্থাপনাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ব্যক্তিমালিকানাধীন জমি এবং সেখানে যাতায়াতের প্রতিবন্ধকতা নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বনের মধ্যে জমি থাকা সত্ত্বেও সড়ক যোগাযোগের অসুবিধায় অনেক মালিক সেখানে যেতে পারেন না। বিষয়টি সমাধানে চলতি মাসেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে করণীয় নির্ধারণ করা হবে।
এদিকে বিভিন্ন রিসোর্ট ও শিল্পপ্রতিষ্ঠানের অবৈধ দখলে থাকা বনভূমি উদ্ধারে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান পরিবেশমন্ত্রী।
এর আগে তিনি গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/৯অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











