ট্রেড লাইসেন্স নিতে লাগবে ‘বাংলা কিউআর’

ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। নগদবিহীন লেনদেন বাড়ানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল আর্থিক ব্যবস্থার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)। ইউনিয়ন পরিষদ পর্যায়ে এ নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে গত ১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-১) আ ন ম মঈনুল কবীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দেশে ৩২ লাখ ৬১ হাজার মার্চেন্ট বাংলা কিউআর ব্যবস্থার আওতায় এসেছেন।
বাংলাদেশ ব্যাংকের ধারণা, ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা সহজ হবে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
চিঠিতে ইউনিয়ন পরিষদ পর্যায়েও ট্রেড লাইসেন্স দেওয়ার সময় বাংলা কিউআর সেবা যুক্ত করার ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানানো হয়।
এর আগে ২০২৫ সালের ১৪ আগস্ট সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার ইউনিয়ন পরিষদ পর্যায়েও এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের পাশাপাশি প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ডিজিটাল লেনদেনের আওতায় আসবে। এতে ব্যবসায়িক লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়বে।
(ঢাকাটাইমস/১০ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













