একাত্তর সাল থেকে আওয়ামী লীগ মিথ্যা কথা বলে আসতেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একাত্তর সাল থেকে আওয়ামী লীগ মিথ্যা কথা বলে আসতেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি।
তিনি বলেন, আওয়ামী লীগের স্বভাবই হচ্ছে মিথ্যা কথা বলা। ক্ষমতায় থাকাকালীন তারা দেশে-বিদেশে একটা গুজব ছড়াতো, যে বিএনপি সরকারের আমলে নাকি হিন্দু ধর্মের মানুষেরা ভাল থাকে না। এটা ডাহা মিথ্যা কথা। বিএনপি সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের ভূমিকার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে। এবার পূজা উপলক্ষে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এটা বাংলাদেশে নজিরবিহীন। এর আগে কোনো সরকার এত পরিমাণ চাল বরাদ্দ দেয়নি।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মা-বোনেরা ও ছেলে-মেয়েরা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে যাতে শারদীয় উৎসব পালন করতে পারে, সে জন্য আমরা কাজ করছি। সব ধরণের ষড়যন্ত্র মোকাবিলায় প্রশাসন ও আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি পাড়া মহল্লায় মন্দির পাহারা দেওয়ার জন্য আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা সংলঘু শব্দে বিশ্বাস করি না। পূজায় আমরা আনন্দ ভাগাভাগি করে নিই। কোনো ধরণের গুজবে বিভ্রান্ত হওয়া যাবে না। গুজব থেকে সকলকে দূরে থাকতে হবে। স্বৈরাচারের কোনো দোসর যাতে দুর্গাপুজায় ব্যঘাত ঘটাবে না পারে, সেদিকেও সকলকে সতর্ক থাকতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভোটারদের হাতের কালি শুকানোর আগে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির সফল বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের সততা, দায়িত্বশীলতা ও নির্ভুল তথ্য উপস্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ।
(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












