লালনের আখড়া বাড়ির দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা

প্রথমবারের মতো জনসম্মুখে গণনা করা হলো কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সের টাকা।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হওয়া গণনা চলে বিকেল পর্যন্ত। এতে পাওয়া যায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।
শান্তি, সাম্য ও মানবতার বাণীতে দেশ-বিদেশের লাখো মানুষের শ্রদ্ধার কেন্দ্র লালন আখড়াবাড়ি। প্রতিদিনই মাজারে আসেন ভক্ত, সাধু-বাউল ও দর্শনার্থীরা। মনের আশা পূরণে অনেকে অর্থ দান করেন দানবাক্সে।
প্রথমবারের মতো জনসম্মুখে টাকা গণনার এমন উদ্যোগে সন্তোষজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। দানের অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তাদের। এ কার্যক্রমে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










