সোনারগাঁয়ে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দম্পতিসহ ৪ জন দগ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া শাহ আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দগ্ধরা হলেন- বাড়ির ভাড়াটিয়া রোজিনা আক্তার (৩৫),স্বামী শরীফ হোসেন, রোজিনার ভাই রিয়াজ হোসেন (২২), ভাড়াটিয়া রনি মিয়া(১৯)। তাদের মধ্যে রোজিনা আক্তারের শরীরের ৬০শতাংশ, শরিফ মিয়া ও রিয়াজ হোসেনের ৪০ শতাংশ ও রনি মিয়ার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ শরীফ মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার গড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। রিয়াজ কিশোরগঞ্জের নিকলী উপজেলার কালামপুর এলাকার বসু মিয়ার ছেলে ও রনি পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ৬ তলায় ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে রাত দেড়টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তারা কান্নার শব্দ পেয়ে এসে তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়।
প্রতিবেশী লতিফা বেগম জানান, রাতের বিকট শব্দ ও কান্নার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বিস্ফোরণের সময় পুরো ভবন কেঁপে উঠে। পরে তারাসহ এলাকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে তাদের শরীরে আগুন ধরে যায়। এসময় ৪ জনের শরীর পুড়ে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
রবিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা অব্যাহত রয়েছে। দগ্ধদের ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পাইপলাইনে গ্যাস লিকেজের ফলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। এতে চারজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।
সোনারগাঁ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, কাঁচপুর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে। তবে ৪ জন দগ্ধকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
(ঢাকা টাইমস/১১অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











