শ্রীপুরে বিকাশের গাড়িতে গুলি, ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই, ২৪ ঘন্টা পর মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ১৬:২৪
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের টাকা বহনকারী গাড়িতে গুলি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার রাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রবিবার দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড’-এর মালিক মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে মামলাটি করেছেন। এতে অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিকাশের ডিস্ট্রিবিউটরের নগদ টাকা নিয়ে একটি প্রাইভেটকার মাওনা চৌরাস্তার কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথে একাধিক মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এ সময় তারা পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গাড়িতে রাখা টাকার তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় তিনজন আহত হন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় তাঁদের নগদ টাকার প্রয়োজন দেখা দেয়। পরে বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা সংগ্রহ করা হয়।

তিনি বলেন, তিনটি প্লাস্টিকের বস্তায় মোট ৪ কোটি টাকা প্রাইভেটকারে করে মাওনা চৌরাস্তার কার্যালয়ে নেওয়া হচ্ছিল। কর্ণপুর এলাকায় পৌঁছানোর পর দুর্বৃত্তরা গাড়িটির পথ আটকে হামলা চালায় এবং দুটি বস্তা নিয়ে পালিয়ে যায়।

মোস্তাফিজুর রহমান আরও জানান, ঘটনার পর প্রথমে প্রায় ৩ কোটি টাকা ছিনতাই হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পরে গাড়িতে অবশিষ্ট বস্তায় থাকা টাকা গণনা করে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। হিসাব অনুযায়ী, ছিনিয়ে নেওয়া দুই বস্তায় ২ কোটি ৩০ লাখ টাকা ছিল।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

(ঢাকা টাইমস/১১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গ্রামীণ সড়ক টেকসই করতে ঠিকাদারদের তিন বছরের দায়বদ্ধতার প্রস্তাব সংসদীয় কমিটি
সরকারি অফিসে দিবস পালন নিয়ে নতুন নির্দেশনা
রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মরদেহ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু