রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মরদেহ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
তিনি আরও জানান, একই ঘটনায় আহত চার বাংলাদেশি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
গত শনিবারের ওই হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন বলে জানানো হয়েছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











