শ্রীপুরে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে হত্যার অভিযোগ তুলেছে পরিবার।
নিহত সবুজ মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি, সবুজ মিয়া মোবাইল ফোনে জুয়া খেলায় আসক্ত ছিলেন। পাশাপাশি মাঝেমধ্যে মাদক সেবন করতেন। স্থানীয় কিছু বখাটে যুবকের সঙ্গে মেলামেশার মাধ্যমে তিনি নেশায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ তাদের। ওই যুবকেরাই তাকে হত্যা করে মরদেহ পুকুরপাড়ে ফেলে রেখে থাকতে পারে বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনায় জড়িত কেউ থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











