যাত্রাবাড়ীতে স্ত্রীকে হত্যার পর চার টুকরো, স্বামী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রীকে হত্যার পর তার মরদেহ চার টুকরো করার অভিযোগে স্বামী দুলাল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে দক্ষিণ যাত্রাবাড়ীর একটি বাসার রান্নাঘর থেকে শিরিন (৪২) নামের ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে শিরিনকে হত্যা করা হয়। পরে বঁটি দিয়ে তার শরীর চার খণ্ড করে পলিথিনে ভরে রান্নাঘরে রাখা হয়।
পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে চারটার আগে কোনো একসময় এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে যাত্রাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিরিন পেশায় পোশাকশ্রমিক ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ীর ২০২ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকতেন।
অভিযুক্ত দুলাল হাওলাদার পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র বলছে, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী সন্দেহ করতেন, শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ নিয়ে দুই দিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













