জাতীয় পার্টির ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: আবু হানিফ

জাতীয় পার্টির ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
আবু হানিফ বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম সহযোগী। বিগত সরকারের আমলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ৫ আগস্টের পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত ইনু-মেননরা কারাগারে গেলেও জাতীয় পার্টির নেতাদের বিচারের মুখোমুখি হতে হয়নি।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির ব্যানারে যেসব সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেগুলোতে মূলত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাই অংশ নিয়েছেন। এমনকি আওয়ামী লীগের সাম্প্রতিক আন্দোলন ও বিশৃঙ্খলার পরিকল্পনাও এসব বৈঠক থেকে করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
গণঅধিকার পরিষদের এই মুখপাত্র আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হওয়ার বিষয়টি জানিয়েছেন। শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন বলে দাবি করেন তিনি। আবু হানিফের অভিযোগ, এসব ঘটনা থেকে বোঝা যায়, শেখ হাসিনার নির্দেশনায় জাতীয় পার্টি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার সমালোচনা করে আবু হানিফ বলেন, সে সময় জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনার দাবি জানানো হলেও সরকার তা আমলে নেয়নি।
বর্তমান নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির ভূমিকা তদন্ত করে দলটিকে বিচারের আওতায় আনতে হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













