বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। তিন বছর ধরে প্রেমের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, প্রেমিক আলী হোসেন অসুস্থ মায়ের কথা বলে তাকে রেখে চলে যান। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে তিনি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে উপজেলার নাংলা ইউনিয়নের রূপসীহাঁটা গ্রামের সুরুজ্জামানের ছেলে আলী হোসেনের বাড়িতে অবস্থান করছেন ওই নারী।
ওই নারীর দাবি, আলী হোসেনের সঙ্গে তার পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক। এ সময়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখান থেকে প্রতি মাসে আলী হোসেনকে টাকাও দিতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, 'গত শুক্রবার ঢাকা থেকে মেলান্দহে আসার পর আলী হোসেনের সঙ্গে পরিচিত এক ব্যক্তির বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেন তারা। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। পরে গত রবিবার সকালে দুজন মেলান্দহে এলে আলী হোসেন তার মা অসুস্থ বলে চলে যান।
তার অভিযোগ, পরে কৌশলে তাকে মেলান্দহ বাজারে ডেকে নেওয়া হয়। সেখানে আলী হোসেনের পরিবারের লোকজন তাকে নিয়ে চলে যান। পরে কোনো উপায় না পেয়ে সোমবার দুপুর থেকে বিয়ের দাবিতে আলী হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি।
ওই নারী বলেন, আমার মান-সম্মান সব শেষ হয়েছে। আমি আলী হোসেনকে চাই, তাকে ছাড়া আমি যাবো না। আমি তাকে প্রতি মাসে পাঁচ থেকে ১০ হাজার পর্যন্ত টাকা দিয়েছি।
নূর ইসলাম নামে একজন বলেন, দুপুর থেকে ওই তরুণী বিয়ের দাবিতে অবস্থান করছেন। তিনি যেসব অভিযোগ করেছেন, সেগুলো সত্য হলে ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত।
এদিকে অভিযুক্ত আলী হোসেন পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












