পুরান ঢাকার চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় মার্কেটের ষষ্ঠ তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে মার্কেটটির ষষ্ঠ তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের দুই কর্মী।
কর্তৃপক্ষ আরও জানায়, পুরান ঢাকার সরু রাস্তাঘাট ও ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে ১০টি ইউনিট কাজ শুরু করে।
(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













