পঞ্চগড়ে দেখা মিললো কাঞ্চনজঙ্ঘার, বাড়ছে পর্যটকদের ভিড়

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আবারও দেখা মিলছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। ভোরের সূর্যের আলোয় বরফঢাকা শৃঙ্গের রং বদলানোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন পর্যটকেরা।
শরৎ, হেমন্ত ও শীতের সকালে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসুদের। ভোরের আলো ফুটতেই কখনো লালচে, কখনো কমলা-হলুদ আভায় রাঙা হয়ে ওঠে পর্বতশৃঙ্গটি। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ধারণ করে ধবধবে সাদা রূপ। মাঝেমধ্যে মেঘের আড়ালে হারিয়ে গেলেও আবার দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।
দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের মানুষ ভোরের চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করছেন এই পর্বতের সৌন্দর্য। তবে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়—এ খবর দেশজুড়ে ছড়িয়ে পড়ার পর কয়েক বছর ধরে সেখানে পর্যটকদের আনাগোনা বেড়েছে।
কাঞ্চনজঙ্ঘার উচ্চতা প্রায় ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফুট। ভারতের সিকিম রাজ্য ও নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত এই পর্বত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় লোককাহিনি ও বিশ্বাসের সঙ্গেও জড়িয়ে রয়েছে এর নাম।
কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে তেঁতুলিয়ায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, দৃশ্যটি অদ্ভুত সুন্দর। তেঁতুলিয়া থেকে এত স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তা তিনি ভাবতে পারেননি। কোনো সুন্দর দৃশ্য ধীরে ধীরে প্রকাশিত হওয়ার মধ্যে যে আনন্দ, পর্বতটি দেখে তিনি তেমন অনুভূতি পেয়েছেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকেরা যাতে আনন্দের সঙ্গে ভ্রমণ করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে।
পর্যটকের সংখ্যা বাড়ায় তেঁতুলিয়ার আবাসন খাতেও ব্যস্ততা বেড়েছে। সরকারি ডাকবাংলো ও রেস্ট হাউসের পাশাপাশি বেসরকারি হোটেল, কটেজ ও গেস্ট হাউসে থাকছেন পর্যটকেরা। স্থানীয় অনেক পরিবারও নিজেদের বাড়িতে পর্যটকদের থাকার ব্যবস্থা করে দিচ্ছেন।
স্থানীয়ভাবে গড়ে ওঠা এই ‘কমিউনিটি ট্যুরিজম’ মানুষের আয়ের নতুন সুযোগ তৈরি করছে। পাশাপাশি স্থানীয় নাট্যদল ‘ভূমিজ’ প্রতিবছর আয়োজন করছে ‘কাঞ্চনজঙ্ঘা পালাটিয়া উৎসব’। এই আয়োজনও পর্যটকদের আকর্ষণে বাড়তি মাত্রা যোগ করছে।
(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












