নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন, যুবদল নেতাকে হাতুড়িপেটা

ফরিদপুরের নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার পর শেখ খোরশেদ আহমেদ দোলন (৫০) নামে এক যুবদল নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত দোলন জেলা যুবদলের সদস্য এবং ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা। অন্য আহতরা হলেন, উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্যা (৫০) ও বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মণ্ডল (৫০)।
যুবদল নেতা দোলনের বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলন জানান, সোমবার সন্ধ্যায় বাঙ্গাবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন তার ভাই। এ সময় শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। দোলনকে রক্ষা করতে এগিয়ে গেলে অন্য তিনজনকেও মারধর করা হয়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরো বলেন, সারাজীবন বিএনপি করে আজ আমরা বঞ্চিত হয়েছি। টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমার ভাই এর প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অন্যরাও আহত হয়েছেন। তাদের মধ্যে আমার ভাইয়ের অবস্থা ভালো নয়।
জানা গেছে, সম্প্রতি রামনগর ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য আবেদন করেছিলেন খোরশেদ আহমেদ দোলন এবং একই ইউনিয়নের বিএনপি নেতা মান্নান মণ্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডল (৩০)। চূড়ান্তভাবে মেসার্স এসএস এন্টারপ্রাইজের নামে ডিলার নিয়োগ পান তুষার মণ্ডল। এরপর নিয়োগপ্রক্রিয়ায় আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন দোলন।
এরই ধারাবাহিকতায় গত রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিয়োগবঞ্চিত ব্যক্তিরা। সেখানে অংশ নিয়ে খোরশেদ আহমেদ দোলন রামনগর ইউনিয়নে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করেন। অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
দোলনের পরিবার জানান, সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ তোলার কারণে তুষার মণ্ডল ক্ষুব্ধ হন। এর জেরেই এ হামলার ঘটনা ঘটে বলে তাদের দাবি।
মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












