প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৩
অ- অ+

প্রবাসীদের দেশে উদ্ভূত বিভিন্ন আইনি সমস্যা দ্রুত সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শরণার্থী ও অভিবাসন আন্দোলন বিষয়ক গবেষণা ইউনিটের (RMMRU) ৩০ বছর পূর্তি উদ্‌যাপন এবং ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশে উপার্জিত অর্থ দেশে পাঠানোর পর অনেক সময় পরিবারের সদস্যদের সঙ্গে অর্থ বা সম্পত্তি নিয়ে বিরোধে জড়ান। এসব বিরোধের মামলা বছরের পর বছর চলতে থাকে। এতে প্রবাসীদের অর্থ ও সময় ব্যয় হয় এবং তাঁরা ভোগান্তির শিকার হন। এ সমস্যা সমাধানে প্রবাসীদের জন্য বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। এসব আদালতে প্রবাসীদের বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে একটি খসড়া প্রণয়নের কাজ চলছে। এ ক্ষেত্রে RMMRU-কে সরকারের সঙ্গে যুক্ত থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যদের দেশে কোনো আইনি সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা দেওয়ার কার্যক্রম চালু করা হয়েছে। এ জন্য একটি হটলাইনও রয়েছে। প্রবাসীদের প্রাথমিক আইনি দিকনির্দেশনা ও প্রয়োজনীয় প্রতিকার পেতে RMMRU-কে আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান তিনি।

অভিবাসী শ্রমিকদের অবদান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হলো প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স ( উপার্জন)। তৈরি পোশাক, কৃষি, পাট ও পাটজাত পণ্য কিংবা চা রপ্তানির পাশাপাশি বিদেশে বাংলাদেশের শ্রম রপ্তানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কায়িক শ্রমের পাশাপাশি বিদেশে বাংলাদেশিদের মেধা ও দক্ষতাভিত্তিক কর্মসংস্থানও বাড়ছে।

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ ও মজুরিবৈষম্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি দুবাই সফরে শ্রমিকদের অমানবিক পরিশ্রম ও দুর্ভোগের চিত্র তার নজরে এসেছে। অনেক শ্রমিককে দীর্ঘ সময় কাজ করতে হয় এবং কর্মস্থলে যাতায়াতেও উল্লেখযোগ্য সময় ব্যয় করতে হয়। অথচ কোনো কোনো ক্ষেত্রে তাদের শ্রমের মূল্য অন্য দেশের শ্রমিকদের তুলনায় কম। বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের মজুরিবৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর এর দৃষ্টি আকর্ষণ করেন আইনমন্ত্রী।

অভিবাসন খাতে অসাধু নিয়োগ ও রিক্রুটিং ব্যবসায়ীদের কার্যক্রমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে কর্মসংস্থানের জন্য ভুয়া কাগজপত্র দাখিল করছে। এসব নথির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট দেশগুলো আইনি ব্যবস্থা নিচ্ছে। এর ফলে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিল কিংবা ভিসা নবায়ন নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

RMMRU-এর তিন দশকের ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের অধিকার, কল্যাণ ও ভবিষ্যৎ নিয়ে কাজ করার দূরদর্শিতা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরুতেই দেখিয়েছে। গত ৩০ বছরে অভিবাসন ও শ্রমিককল্যাণসংক্রান্ত নীতি প্রণয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে আসছে।

তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় RMMRU যে উদ্যোগগুলো গ্রহণ করবে, সেগুলোর সঙ্গে সরকার থাকবে।

প্রতিষ্ঠানটির স্বচ্ছতা, নীতিগত অবস্থান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, রাষ্ট্রীয় সীমাবদ্ধতার কারণে সব প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব না হলেও প্রতিষ্ঠানটির ইতিবাচক উদ্যোগগুলোর সঙ্গে সরকার কাজ করতে আগ্রহী।

আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, RMMRU-এর ৩০ বছরের অভিজ্ঞতা আগামী ১০০ বছরের পথচলার ভিত্তি হয়ে উঠবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হবে, যাতে বাংলাদেশের শ্রমিকেরা দেশে ফিরে এসে দেশের অর্থনীতি ও উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশেও অন্যান্য দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন RMMRU-এর উপদেষ্টা ড. সি. আর. আবরার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি (Reto Renggli)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক কারবারি-চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো শিথিলতা নয়: ডিএমপি কমিশনার
ঢাবিতে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ, গাড়ির ধাক্কায় আহত শিক্ষার্থীরা
ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই: জামায়াত আমির
সৌদি আরবে হামলা: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট স্থগিত