সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চায় বিশেষ কমিটি

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। এ জন্য কমিটির কার্যক্রমে বিরোধী দলের প্রতিনিধিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শিক্ষক সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংশোধন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা ও এখতিয়ার, জনগণের সার্বভৌমত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদের উচ্চকক্ষ প্রবর্তন এবং সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করার পদ্ধতি নিয়েও আলোচনা হয়।
বৈঠকে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। উপস্থিত আলোচকদের অনেকে ইতিমধ্যে তাঁদের লিখিত মতামত জমা দিয়েছেন। অন্যদের আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিত প্রস্তাব কমিটির কাছে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জাতির প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন ও মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












