সাতক্ষীরায় বিএনপি সভাপতির বাড়িতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শ্যালক মোশাররফ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ৬০ বছর বয়সী অভিযুক্ত মোশাররফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।
পরিবারের অভিযোগ, গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাড়ির ছাদে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন মোশাররফ।
শিশুটির দাদির অভিযোগ, ঘটনার বিষয়ে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামকে জানানো হলেও তারা কোনো প্রতিকার পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।
শিশুটির বাবা প্রবাসে থাকেন। তার মা অন্যত্র সংসার গড়েছেন। শিশুটি দাদির সঙ্গে ওয়ারিয়া গ্রামে বসবাস করে আসছিল।
ঘটনার বিষয়ে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলী বলেন, আমিও বিষয়টি শুনেছি। পরে চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে দেখা হলে বিষয়টি সম্পর্কে তার কাছে জানতে চেয়েছিলাম। তবে তিনি এ বিষয়ে কিছু না বলেই চলে যান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমিও বিষয়টি শুনেছি। আমার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেগুলো পরীক্ষা করলে প্রকৃত ঘটনা জানা যাবে। আমার শ্যালক অপরাধী হলে তার শাস্তি হোক, আমিও তা চাই। তবে আমার ধারণা, আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এ নিয়ে গুজব ছড়াচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











