টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, তীব্র পানির সংকটে ফায়ার সার্ভিস

মোঃ রাজীব হোসেন, টঙ্গী -পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১৩:৪৪| আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৪:০৯
অ- অ+

গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়েছে পাশের চারতলা ভবনেও। ঘন ধোঁয়া, প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধে আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ কারখানায় আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি চারতলা ভবনে।প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালপত্র পুড়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুনের প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে এলাকায় অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে রাসায়নিকের তীব্র গন্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারখানাটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তিনি আরও বলেন, আগুনের লেলিহান শিখা অত্যন্ত তীব্র হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আসা ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানার পাশাপাশি পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আগুনের কারণ, হতাহতের সম্ভাব্য সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পরপরই কারখানার নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালানো হয়। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় একপর্যায়ে পানির সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে সংকট মোকাবিলায় গাজীপুর, টঙ্গী, উত্তরাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে একের পর এক পানিবাহী গাড়ি এনে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে।

পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করা এবং আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনাই এখন অগ্নিনির্বাপণকর্মীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী-বিজিবি