ধানমন্ডিতে বৃদ্ধকে মারধর, অভিযুক্ত যুবক আটক, এএসআই প্রত্যাহার

রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের গ্রাফিকস ডিজাইনার।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক খালিদকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাইকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে ধানমন্ডির সাতমসজিদ রোডে বাংলাদেশ আই হসপিটালের বিপরীতে এক ব্যক্তিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই ব্যক্তিকে চড়-থাপ্পড় ও লাথি মারার পাশাপাশি কান ধরে ওঠবস করাতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
মারধরের শিকার ব্যক্তির নাম শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন।
ঘটনার দিন ওই ব্যক্তির বিরুদ্ধে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ওই অভিযোগের জেরে তাকে মারধর করা হয় বলে জানা গেছে।
ওই তরুণী গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তি তার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে তিনি এক স্বজনকে ডেকে আনেন। এ সময় ঘটনাটি সেখানে থাকা এক পুলিশ সদস্যকে জানালেও তিনি কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন। তার ভাষ্য, ওই পুলিশ সদস্য নীরব দাঁড়িয়ে ছিলেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে বুধবার খালিদ হাসানকে আটক করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













