সারের ডিলার নিয়োগে অনিয়ম থাকলে খতিয়ে দেখা হবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার এমপিরা ১১ দলীয় জোটের। তারা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারে। যেসব জেলায় বিএনপির এমপিরা রয়েছেন সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি।
বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে।
এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











