শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম–অভিজিৎ দাস (৪০)। তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, মুঠোফোন, বোর্ডিং কার্ড, ভারতীয় রুপি ও থাই বাথও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
রাতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক মো. রাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর একটার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। ট্রলিতে কাপড়ের নিচে লুকানো অবস্থায় ৪ কেজি ২৮০ গ্রাম কুশ পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস জানিয়েছেন, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা এবং বনগাঁ রেলওয়ে স্টেশনে কুলির কাজ করেন।
তার দেওয়া তথ্যের বরাতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক পাচারচক্র ভারতের নিম্ন আয়ের মানুষদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা কাজে লাগিয়ে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। পরে তাঁদের মাধ্যমে ভারতীয় শাড়ির মতো পণ্যের আড়ালে বাংলাদেশে মাদক আনা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ডিএনসির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টা করছে চক্রটি। পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার কথা ছিল অভিজিতের।
তবে এসব তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া বলে জানিয়েছে অধিদপ্তর। চক্রটির অন্য সদস্যদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
ডিএনসি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











