বান্দরবানের লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাতে পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)।
বান্দরবান জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে লামা থানার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে ওই তিন ছাত্রী নিখোঁজ হয়।
পরে তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে পৃথকভাবে তাদের উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই তিন ছাত্রী সেখানে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিল। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ১১ অক্টোবর সার্টিফিকেট আনতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল ওই তিন ছাত্রী। পরে তাদের সন্ধানে পুলিশ কাজ শুরু করে।
(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













