সাতক্ষীরা জেলা পুলিশের কল্যাণ সভায় ডিআইজি রেজাউল করিম, পূজামণ্ডপ পরিদর্শন

পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার কথা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় তিনি এ নির্দেশনা দেন।
১৫ অক্টোবর সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভার আয়োজন করে জেলা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও প্রস্তাবনা ডিআইজির কাছে তুলে ধরেন। রেজাউল করিম তাদের বক্তব্য ও আবেদন মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। অন্য যৌক্তিক আবেদনগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাসও দেন।
সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে ডিআইজি রেজাউল করিম দায়িত্ব পালনে পেশাদারত্ব, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনবান্ধব আচরণ করার নির্দেশনা দেন তিনি।
এর আগে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার দেয়।
কল্যাণ সভা শেষে ডিআইজি রেজাউল করিম সাতক্ষীরা সদর এলাকার মায়ের বাড়ি পূজামণ্ডপ ও গুড়পুকুর মেলা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আখতারুজ্জামান, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










