গাছ লাগানোর বদলে আগের গাছগুলো কেটে সাবাড় করেছে বিগত ফ্যাসিস্ট সরকার: নিলোফার চৌধুরী মনি

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ১৯:০৮
অ- অ+

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির স্বনির্ভরতা বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, আগের সরকার বৃক্ষরোপণে কার্যকর উদ্যোগ নেয়নি। বরং দেশে আগে থেকে থাকা গাছপালা ব্যাপকভাবে কেটে ফেলা হয়েছে। তাঁর অভিযোগ, একসময় বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকা গাছপালা উজাড় করায় পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের বাঘেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিন শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিলোফার চৌধুরী মনি বলেন, বাংলাদেশ ছোট একটি দেশ। এখানে এমনিতেই নানা সমস্যা রয়েছে। এর মধ্যে বৃক্ষের স্বল্পতা ও পরিবেশের ভারসাম্যহীনতা মানুষের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে। বিগত সরকারের সময়ে গাছ লাগানোর পরিবর্তে বিদ্যমান গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গাছপালা কমে যাওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মানুষের বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানো প্রয়োজন। বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বনাঞ্চল ও গাছপালা ঝড়-ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে। সুন্দরবনসহ দেশের বনভূমি সংরক্ষণ করা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি দুর্যোগের ঝুঁকি মোকাবিলায়ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

নিলোফার চৌধুরী মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এ উদ্যোগ সফল করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে অন্তত দুটি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নিলে সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা আরও এগিয়ে যাবে।

জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব ও পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খানের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিন শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি এস এম আব্দুস সোবহান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণের পাশাপাশি মহাসড়কে ডাকাতি দমনে জোর দিলেন হাইওয়ে পুলিশপ্রধান
বগুড়ার শিশু ইউসুফ হত্যায় মা কারাগারে
ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন
অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’ কে এই যুবক, হঠাৎ কেন আলোচনায়?