দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি নেই, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি: এসআরবি ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০
অ- অ+

আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি বা নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। তিনি জানান, উৎসবের সার্বিক নিরাপত্তায় বাহিনীটির ৬ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন এবং প্রতিদিন মাঠে থাকবেন প্রায় আড়াই হাজার সদস্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসআরবি ডিজি বলেন, 'দেশব্যাপী পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আমাদের ১৫টি ব্যাটালিয়নের মোট ৬ হাজারের অধিক সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এর মধ্যে প্রতিদিন গড়ে ২ হাজার ৪৫৭ জন সদস্য বিশেষ নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকছেন।' গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলোতে প্রতিদিন ৫৪৯টি পিকআপ টহল এবং ৪৪৭টি মোটরসাইকেল টহল চলমান রয়েছে বলেও জানান তিনি।

তিনি উল্লেখ করেন, দুর্গাপূজা ঘিরে এখনো পর্যন্ত নাশকতার কোনো তথ্য বা হুমকি না থাকলেও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, নাশকতা কিংবা সন্দেহজনক অপতৎপরতা মোকাবিলায় এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে মো. আহসান হাবীব পলাশ বলেন, মাঠপর্যায়ে টহলের পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি ২৪ ঘণ্টা তদারকির জন্য এসআরবি 'শারদীয় সুরক্ষা' নামের একটি বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। পাশাপাশি মণ্ডপগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, 'উৎসবের পরিবেশ অস্থিতিশীল করতে একটি চক্র প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চালায়। তা রুখতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা নজরদারি ও ফ্যাক্ট-চেকিং কার্যক্রম পরিচালনা করছে।'

এ ছাড়া মণ্ডপে আসা নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিং বা হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিমা বিসর্জনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, বিজয়া দশমীর দিন প্রতিমা পরিবহন ও বিসর্জনের সুনির্দিষ্ট রুটে বিশেষ টহল থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত এসআরবি সদস্যরা বিসর্জনের স্থানে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। দেশের প্রতিটি নাগরিক যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও শান্তির সাথে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সেজন্য বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে।

পূজামণ্ডপকেন্দ্রিক কোনো নাশকতার আগাম তথ্য বা ঝুঁকিপূর্ণ মণ্ডপ রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, 'আমাদের কাছে এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ মনে হয়নি। আমরা কোনো ধরনের হুমকি অনুভব করছি না।'

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত
গুলশানের পেয়ারি তেহারিকে এক লাখ টাকা জরিমানা
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানি, বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা