রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১০, মামলা ৪৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, একটি বিদেশি পিস্তল, গুলি, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৩৮ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৯৭ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৩০ জন রয়েছেন। এ ছাড়া ডিবি পুলিশের অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা ও ৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি চাপাতি, একটি কাটার, ১৩২টি মোবাইল ফোন, একটি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












