খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, প্রধান আসামি স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রধান আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) ও তার সহযোগী ইব্রাহীম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
বৃহস্পতিবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকালে এসআরবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর খুলনা মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। এ সময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় গতকাল স্পিকার মিরাজ ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। ইব্রাহীম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ ও ইব্রাহীম এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













