ঢাকায় পূজামণ্ডপের নিরাপত্তায় ৭,৩২৮ আনসার সদস্য, প্রস্তুত ৬ স্ট্রাইকিং টিম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, ১৬:৪৯
অ- অ+

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা জেলা ও মহানগরীর ১ হাজার ১২৬টি পূজামণ্ডপে ৭ হাজার ৩২৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হচ্ছে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় ছয়টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ৮৬৬টি পূজামণ্ডপে ৫ হাজার ৫৩২ জন এবং ঢাকা মহানগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম জোনের ২৬০টি পূজামণ্ডপে ১ হাজার ৭৯৬ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় পূজামণ্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে সদস্য মোতায়েন করা হয়েছে। নারী দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ চলাচলে সহায়তার জন্য প্রতিটি পূজামণ্ডপে দুজন করে নারী আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় ছয়টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে এসব দল অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেবে।

আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন তদারক, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের জন্য ঢাকা জেলা পর্যায়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলা ও থানা পর্যায়েও নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে।

দায়িত্ব পালনের আগে সদস্যদের জন্য ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়েছে। এতে দায়িত্ব ও কর্তব্য, সতর্কতা, শৃঙ্খলা, দর্শনার্থীদের সঙ্গে আচরণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে দুজন আনসার-ভিডিপি সদস্যকে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে তথ্য সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে তাঁরা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য জানাবেন। এর ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারবে বলে আশা করছে বাহিনীটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নির্ধারিত পূজামণ্ডপগুলোতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ সময় স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তাঁরা।

জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে জনবল মোতায়েনের পাশাপাশি নারী সদস্যদের অংশগ্রহণ, স্ট্রাইকিং টিম, নিয়ন্ত্রণকক্ষ ও প্রযুক্তিনির্ভর তথ্য আদান-প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। সদস্যদের সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, পাঁচ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭, মূল উৎস এখনো অজানা
পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবানের পাহাড়ে দুই রাত, ফোনে চার্জ থাকল ৪০%
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে পুরস্কার দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর