কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। এতে রিসোর্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন নিয়ন্ত্রণে আসার পরও ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছিল। দগ্ধ তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













