মেলান্দহে মাদকসহ ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে ইয়াবাসহ হোসেন আলী নামে ওয়ার্ড বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুলকোচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তার কাছ থেকে ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হোসেন আলী ফুলকোচা দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর ছেলে। তিনি উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-১’র ইনচার্জ মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, কারও ব্যক্তিগত দায় দল নেবে না। তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রস্তুত হচ্ছে। আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেব।
(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











