যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর মো. গাজী মন্ডল (৫৬) নামে এক ভারতীয় কয়েদির মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) রাত ১টা ৩৬ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত গাজী মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার গান্ধীনা গ্রামের মৃত জহিরউদ্দিন মন্ডলের ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদি নম্বর ৩৭৬২/এ হিসেবে বন্দি ছিলেন। অস্ত্র আইনের একটি মামলায় তাঁর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছিল।
কারা সূত্রে জানা যায়, গাজী মন্ডল জ্বর, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ হঠাৎ অচেতন হয়ে পড়ার সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাত ১টা ৩০ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ২০১৫ সালের ১০ মে মেহেরপুর কারাগারে বন্দি হিসেবে প্রবেশ করেন। পরে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হন।
বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। মরদেহ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/১৮অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













