হরমুজ প্রণালিতে তেলবাহী দুই ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর প্রতিটিতে প্রায় ২০ লাখ করে মোট ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল বলে দাবি করেছে তারা। খবর আল জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদনে বলা হয়, প্রথম ট্যাংকারটি মাইনে আঘাত হানলে বিকট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আর দ্বিতীয় ট্যাংকারটি মাইনে আঘাত হানার পর পুরো জাহাজে অগ্নিকাণ্ডে ছড়িয়ে পড়ে।
তবে জাহাজ দুটির নাম কিংবা বহনকারী পণ্যের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
আইআরএনএ জানায়, নৌযান দুটি তাদের পজিশনিং ও রাডার সিস্টেম বন্ধ রেখে ইরানের অনুমোদনহীন একটি রুট ব্যবহার করার চেষ্টা করছিল।
আইআরজিসি আরও দাবি করেছে, এর মধ্যে একটি ট্যাংকার ‘যুক্তরাষ্ট্রের সহায়তায়’ নৌপথটি পার হওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে দ্বিতীয় জাহাজটি অচল হয়ে পড়ে ছিল।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। তাদের দাবি, হরমুজ পার হতে চাওয়া বাণিজ্যিক জাহাজগুলোকে আগে তাদের অনুমতি নিতে হবে। পরে অনুমোদিত রুট দিয়েই কেবল তারা এই প্রণালি পার হতে পারবে।
চলতি সপ্তাহে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি আজমাই সতর্ক করে বলেছিলেন, যেসব নৌযান নিজেদের নেভিগেশন সিস্টেম নিষ্ক্রিয় রাখবে, সেগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে গণ্য করা হবে।
অন্যদিকে, ইরানের তেল রপ্তানির ওপর পাল্টা নৌ-অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, ওমান উপসাগরে তেহরানের ঘোষিত ‘নিষিদ্ধ অঞ্চলে’ বৃহস্পতিবার ও শুক্রবার দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













