পূবাইলে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

গাজীপুর মহানগরীর পূবাইলে স্বামীর ছুরিকাঘাতে হাসনা আক্তার (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী রফিকুল ইসলামকে (২৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে পূবাইল থানাধীন হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার হান্নান মার্কেটসংলগ্ন মাওরারটেক রেললাইনের কাছে এ ঘটনা ঘটে।
আটক রফিকুল ইসলাম নওগাঁ জেলার মান্দা থানার বড়ট্রকাঠের ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ও হাসনা আক্তার সম্পর্কে মামা-ভাগ্নি। প্রায় চার বছর আগে তাঁদের বিয়ে হয়। সম্প্রতি রফিকুল বিদেশ থেকে দেশে ফেরেন। বিদেশে থাকাকালে পাঠানো টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে।
এরই জেরে রবিবার দুপুরে গাজীপুরের গাছা থানাধীন খাইলকুর এলাকায় ভাড়া বাসা থেকে স্ত্রীকে পূবাইলের হায়দরাবাদ মাওরারটেক রেললাইন এলাকায় ডেকে নিয়ে যান রফিকুল। সেখানে নির্জন স্থানে ধারালো ছুরি দিয়ে হাসনার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
হাসনার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা রফিকুলকে আটক করেন এবং গুরুতর আহত হাসনাকে উদ্ধার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রফিকুলকে নিজেদের হেফাজতে নেয়। গুরুতর আহত অবস্থায় হাসনা আক্তারকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর আলম হোসেন জানান, হাসপাতালে নেওয়ার পর হাসনা আক্তারের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
(ঢাকা টাইমস/১৮অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











