সাতক্ষীরার সাত উপজেলায় নবনিযুক্ত ১৯০ জন প্রাথমিক শিক্ষকের পদায়ন

সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের পদায়ন করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ।
নবনিযুক্ত শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ জীবন গঠনের মূল ভিত্তি। আর শিক্ষক সেই ভিত্তি গড়ার প্রধান কারিগর। কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মতো মহৎ পেশায় যুক্ত হওয়া গৌরবের বিষয়।
তিনি বলেন, নবনিযুক্ত শিক্ষকদের মেধা, শ্রম ও সততার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁরা প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখবেন এবং কর্মস্থলে মেধা ও নিষ্ঠার পরিচয় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষকদের পেশাগত জীবনের নতুন পথচলা সুন্দর, সফল ও গৌরবময় হওয়ার কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রহমাতুল্লাহ পলাশ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মইন। এ সময় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পদায়ন পাওয়া ১৯০ জন সহকারী শিক্ষকের মধ্যে শ্যামনগর উপজেলায় ৫২ জন, আশাশুনিতে ৫১ জন, কালীগঞ্জে ২৯ জন, সাতক্ষীরা সদরে ২৩ জন, দেবহাটায় ১৪ জন, তালায় ১৩ জন এবং কলারোয়ায় ৮ জন রয়েছেন।
শিক্ষকদের দুই ধাপে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিকেল ৩টা ও ৪টায় পদায়নপত্র দেওয়া হয়।
(ঢাকা টাইমস/১৮অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












