দুর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশনে বেড়েছে যাত্রী পারাপার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বেড়েছে। তবে কেউ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন আবার কেউ আসছেন ভারত থেকে বাংলাদেশে পূজা উদযাপন করতে।
গতবছর ভারতে ভিসা বন্ধ থাকার কারণে সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই ভারতে গিয়ে পূজা উদযাপন করতে না পারলেও, এইবার ভিসার জটিলতা কাটিয়ে ভিসা পেয়ে হিন্দু সম্প্রদায়ের অনেকেই ভারতে যাচ্ছেন পূজা দর্শন করতে এবং আত্মীয়-স্বজন পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে।
পাসপোর্ট যাত্রী অনিক রায় বলেন, বন্ধুরা মিলে ভারতে প্রথম পূজা দেখতে যাচ্ছি, দীর্ঘদিন ভারতের ভিসা বন্ধ থাকায় আমরা ভারতের পূজা করতে পারি নাই। এবার ভিসা হাতে পেয়ে এবং ভারতে গিয়ে পূজা দেখতে পারবো বলে অনেক ভালো লাগছে বলে জানান।
জোসনা রানী বলেন, প্রতি বছর আমরা সপরিবারে ভারতে গিয়ে আত্মীয়-স্বজনদের নিয়ে পূজা উদযাপন করে থাকি। গত বছর ভিসা না পাওয়ার কারণে ভারতে গিয়ে পূজা করতে না পারায় অনেকটা খারাপ লেগেছি, এবার ভিসা পেয়ে ভারতে যাচ্ছি সপরিবারে আনন্দ করবো বলে।
হিলি ইমিগ্রেশন তথ্যমতে, এক সপ্তাহ আগেও চেকপোস্ট দিয়ে গড়ে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ জন পাসপোর্টধারী যাত্রী দুই দেশে যাতায়াত করেছে। বর্তমানে পূজা উপলক্ষে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গড়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জন যাতায়াত করছেন। এছাড়াও গতকাল একদিনে ১১শ ৮৫ জন যাত্রী যাওয়া আসা করছে।
হিলি ইমিগ্রেশন ওসি জাকারিয়া বলেন, পূজা উপলক্ষে যাত্রী পারাপার আগের তুলনায় বেড়েছে। যাত্রীদের সেবার জন্য কম্পিউটার ডেস্ক বাড়ানো হয়েছে পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











