প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের ব্যান্ড টিম বৃষ্টি

সারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড দল টিম বৃষ্টি। ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার মাধবপুর নবদুর্গা পূজা কমিটির আমন্ত্রণে আগামীকাল ২১ অক্টোবর দেশটির উদ্দেশে রওনা দেবে দলটি। সফরে একাধিক মঞ্চে সংগীত পরিবেশন শেষে আগামী ২৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাদের।
ধর্মীয় সংগীত, দেশজ সুর ও আধুনিক গানের সমন্বয়ে টিম বৃষ্টির পরিবেশনা ইতিমধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ভারত সফরে আধুনিক ধর্মীয় গানের পাশাপাশি সমসাময়িক ফোক ঘরানার ফিউশন সংগীত পরিবেশন করবে দলটি।
টিম বৃষ্টির ম্যানেজার অমিত সাহা বলেন, ‘প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য বিশেষ অর্জন। আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব।’
ভবিষ্যতে দেশ-বিদেশের আরও বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নের কথাও জানান অমিত সাহা।
টিম বৃষ্টির যাত্রা শুরু হয় করোনাকালে। দলটির ভোকাল বৃষ্টি দে চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। তিনি বলেন, করোনার সময় ঘরবন্দী অবস্থায় সমবয়সী কয়েকজনের গানের আড্ডা থেকেই দলটির পথচলা শুরু। পরে বিভিন্ন জায়গায় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পরিচিতি বাড়তে থাকে।
বৃষ্টি দে বলেন, সংগীতচর্চাকে আরও বিস্তৃত করতে তাঁরা গড়ে তুলেছেন ‘টিম বৃষ্টি স্কুল অব মিউজিক’ নামে একটি গানের স্কুল। পাশাপাশি ‘উর্বশী গানের সিঁড়ি’ ও ‘টিম বৃষ্টি’ ইউটিউব চ্যানেল থেকে তাঁদের বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে।
দলটির উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মুখে বেশি কথা কইওনা’, ‘কত আপন’, ‘নিজেরে বাসিও ভালো’ ও ‘মেঘ পাহাড়ে’।
টিম বৃষ্টির সদস্যরা হলেন বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (উকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাঁশি) ও তন্ময় দত্ত (বেজ গিটার)।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













